আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত ১

 

নিজস্ব প্রতিনিধিঃ মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক হরিহরপাড়া গ্রামের ভুগর মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে প্রতিপক্ষের লোকজন আব্দুর রাজ্জাককে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও জানা যায়, একই গ্রামের নমের আলীর ছেলে রাসেল নামের এক যুবক আব্দুর রাজ্জাকের আমবাগান থেকে আম নামিয়ে বাজারে বিক্রি করেন। এ বিষয়ে রাসেলকে জিজ্ঞাসাবাদ করার সময় মৃত নুর মোহাম্মদের ছেলে মুকবুল হোসেন (৫২), তার ছেলে শাহিন আলম (৩০)সহ কয়েকজন ব্যক্তি পূর্বশত্রুতার জেরে আব্দুর রাজ্জাকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তারা আব্দুর রাজ্জাককে কিল-ঘুষি ও ইট দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *