শহীদ আঞ্জুমান সাকিবের পরিবারের পাশে আরএমপি, আইনগত সহায়তা ও নিরাপত্তার আশ্বাস পুলিশ কমিশনারের

রাজশাহী প্রতিনিধি: ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আঞ্জুমান সাকিবের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় রাজশাহীর আলুপট্টি এলাকায় শহীদ সাকিবের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে পুলিশ কমিশনার শহীদ সাকিবের বাবা-মায়ের বক্তব্য মনোযোগসহকারে শোনেন। তিনি জানান, হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল-পরবর্তী সকল আইনগত প্রক্রিয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় পরিবারের বসতভিটা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে চলমান বিরোধ আইনগতভাবে নিষ্পত্তির ক্ষেত্রেও সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তিনি। পাশাপাশি পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক পুলিশি নজরদারি বজায় রাখার জন্য সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করেন।
শহীদ আঞ্জুমান সাকিবের পরিবারের সদস্যরা পুলিশ কমিশনারের এ সফরে সন্তোষ প্রকাশ করেন। তারা হত্যা মামলার দ্রুত তদন্ত, নিয়মিত খোঁজখবর নেওয়া এবং সার্বিক সহযোগিতার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) নাসিদ ফরহাদ, সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোসা. আরজিনা খাতুন, মিডিয়া সেলের ট্রাফিক ইন্সপেক্টর নোমান এবং বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *