তাহেরীকে মাহফিলে যোগ না দেওয়ার হুঁশিয়ারি বিএনপির, পাল্টা ঘোষণা ‘মাইক চললে অবশ্যই যাব’

ডেক্স নিউজঃ হবিগঞ্জের মাধবপুরে একটি ধর্মীয় মাহফিলে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর অংশগ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। তাঁকে মাহফিলে যোগ না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তবে বিরোধিতা উপেক্ষা করে নির্ধারিত অনুষ্ঠানে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাহেরী।
আগামী রোববার (১৫ নভেম্বর) উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুর আহ্ছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দরবার শরিফের পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমের তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে থাকার কথা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফিলের প্রচারপত্রে তাহেরীর নামের অবস্থান এবং কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামের উপস্থাপনাকে ঘিরে অসন্তোষ তৈরি হয়। তবে বিরোধের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তাহেরীর অংশগ্রহণের প্রতিবাদে শনিবার (১৪ নভেম্বর) কাশিমনগর বাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বহরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম শাহীন আলম রিপন।
বিক্ষোভে শাহীন আলম রিপন বলেন, মাহফিলে তাহেরীর উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাঁর অভিযোগ, তাহেরী বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন এবং বিগত সরকারের পক্ষে বক্তব্য দিয়ে এলাকায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। এ সময় তিনি তাহেরীকে মাহফিলে অবাঞ্ছিত ঘোষণা করেন।
তবে এসব বিরোধিতার বিষয়ে নিজের অবস্থান পরিবর্তন করেননি তাহেরী। তিনি বলেন, “কত দেখলাম, কতজনে কত কী বলল। আমার ভক্তরা আমার পাশে রয়েছে। মাইক চললে অবশ্যই আমি উপস্থিত হব, ইনশাআল্লাহ।”
এদিকে মাহফিল আয়োজকরা জানিয়েছেন, বিএনপি নেতাদের বিরোধিতার সুনির্দিষ্ট কারণ তাঁদের কাছে পরিষ্কার নয়। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের প্রত্যাশা করছেন তাঁরা। পাশাপাশি অনুষ্ঠানকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা চেয়েছেন আয়োজকরা।
এ বিষয়ে উপজেলা বিএনপির কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *