নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীর কাদিরগঞ্জ এলাকার ‘খাদাক ২’ নামের একটি রেস্টুরেন্টে পরিবেশিত গরুর মাংসের মান ও প্রকৃতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এক গণমাধ্যমকর্মী। এ ঘটনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নজরদারি ও তদন্ত দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।
জানা গেছে, আরটিভির রাজশাহী প্রতিনিধি মুস্তাফিজ রকি তাঁর ফেসবুক পোস্টে রেস্টুরেন্টটির গরুর মাংস নিয়ে সন্দেহের কথা তুলে ধরেন। তাঁর এক সহকর্মী রেস্টুরেন্টটিতে গরুর মাংস খাওয়ার সময় বিষয়টি তাঁর নজরে আসে। পরে এ নিয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলে তারা খাবার ঠিক আছে বলে দাবি করে এবং এ বিষয়ে তাদের কিছু করার নেই বলে জানায়।
তবে মাংসের প্রকৃতি নিয়ে সন্দেহ কাটেনি ওই গণমাধ্যমকর্মীর। পরবর্তী সময়ে তিনি বিষয়টি ফেসবুকে তুলে ধরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে রেস্টুরেন্টটিতে পরিবেশিত মাংসের মান ও প্রকৃতি যাচাইয়ে যথাযথ তদন্ত এবং প্রয়োজনীয় নজরদারির দাবি জানান।তাঁর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তবে রেস্টুরেন্টটিতে পরিবেশিত মাংস আসলেই গরুর মাংস কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো পরীক্ষার ফলাফল বা আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি। তাই বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নমুনা পরীক্ষা ও তদন্তের দাবি উঠেছে।
