চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মসজিদের ইমামকে বহাল রাখা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ৪ থেকে ৫টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর গ্রামের একটি জামে মসজিদে জুমার নামাজ শেষে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—শফিক আলী, খলিল হোসেন, আনোয়ার হোসেন, আব্দুস সালাম, তোহরুল, রাসেল আলী ও আবুল হায়াত। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মসজিদের বর্তমান ইমাম আব্দুল লতিফকে দায়িত্বে বহাল রাখা নিয়ে মুসল্লিদের মধ্যে বেশ কিছুদিন ধরে মতবিরোধ চলছিল। শুক্রবার জুমার নামাজ শেষে এ বিষয়ে কণ্ঠভোট অনুষ্ঠিত হয়। এতে অধিকাংশ মুসল্লি ইমামকে বহাল রাখার পক্ষে মত দেন।
তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করে একটি পক্ষ আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে সাতজন আহত হওয়ার পাশাপাশি কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
