নিজস্ব প্রতিবেদক: নারী পুলিশ সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে ৫০ লাখ টাকা পাঠানোর বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা দিয়েছেন রাজশাহীর নিউরন কোচিং সেন্টারের স্বত্বাধিকারী ও এনসিপির রাজশাহী জেলার সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম।
সাইফুল ইসলামের দাবি, নারী সার্জেন্ট সাবিহা আক্তার ও তাঁর সাবেক স্বামী পুলিশ কর্মকর্তা মাহবুব আলমের বিবাহবিচ্ছেদ-পরবর্তী সমঝোতার অংশ হিসেবেই ওই অর্থ লেনদেন করা হয়েছিল।
তবে এত বড় অঙ্কের টাকা নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাব ব্যবহার করে সার্জেন্ট সাবিহার অ্যাকাউন্টে পাঠানো ঠিক হয়নি বলে স্বীকার করেছেন তিনি।
এদিকে, ৫০ লাখ টাকা লেনদেনের পেছনে বিবাহবিচ্ছেদ-পরবর্তী সমঝোতার কথা বলা হলেও এ বিষয়ে সাইফুল ইসলামের ব্যাখ্যায় বেশ কিছু প্রশ্ন ও অস্পষ্টতা রয়ে গেছে। বিশেষ করে, সাবেক স্বামী-স্ত্রীর ব্যক্তিগত সমঝোতায় তৃতীয় একজনের ব্যক্তিগত ব্যাংক হিসাব ব্যবহার করে এত বড় অঙ্কের অর্থ পাঠানোর প্রয়োজনীয়তা ও এর প্রকৃত প্রেক্ষাপট নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
বিষয়টি নিয়ে সাইফুল ইসলামের বক্তব্য সামনে এলেও অর্থ লেনদেনের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট জানতে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্যও গুরুত্বপূর্ণ।
