রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর দামকুড়া বাজার থেকে চেতনা নাশক খাইয়ে অটো ছিনতাইয়ের ঘটনায় ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে দামকুড়া থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ছিনতাই হওয়া আট সিটের একটি অটো উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে দামকুড়া বাজার থেকে কর্ণহার থানার কর্ণহার গ্রামের মৃত আজাদ আলীর ছেলে অটোচালক সাজিদ শেখ (১৮)কে চায়ের সঙ্গে চেতনা নাশক দ্রব্য খাইয়ে অচেতন করে ছিনতাইকারী চক্র। পরে তার আট সিটের অটোটি নিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় দামকুড়া থানায় দস্যুতা মামলা দায়ের করা হয়।
পরে দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলমের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাফর ইকবাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান শুরু করেন। অভিযানের একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সদস্য রাকিব (৩২)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাকিব নাচোল থানাধীন জগদইল গ্রামের তৈমুর রহমানের ছেলে। তার হেফাজত থেকেই ছিনতাই হওয়া আট সিটের অটোটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে দামকুড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
