মোহনপুরে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আনসার-ভিডিপির উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর মোহনপুরে মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর রায়ঘাটি ইউনিয়ন আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা”—এই স্লোগানকে সামনে রেখে বৈঠকটির আয়োজন করেন ইউনিয়ন দলনেতা মোঃ সামশুজ্জামান দোলন।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. শামিউল বাসির। বক্তব্যে তিনি বলেন, মাদক ও বাল্যবিবাহ মারাত্মক সামাজিক ব্যাধি। এসব সমস্যা প্রতিরোধে জনসচেতনতা তৈরির কোনো বিকল্প নেই।

তিনি মাদক ও বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি এ ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আনসার কমান্ডার মোঃ সাইদুর রহমান, দলনেত্রী মোসাঃ শামসুন্নাহার, ভিডিপি সদস্য মোঃ মেহেদী হাসানসহ শতাধিক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

বৈঠকে মাদকের ভয়াবহতা এবং বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *