রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পবা উপজেলার ৫ নম্বর হড়গ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলিপুর এলাকায় মাদকবিরোধী র্যালি ও গণসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজ শেষে হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল আওয়ালের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়। একই সঙ্গে মাদক থেকে দূরে থাকতে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এর আগে হড়গ্রাম ইউনিয়নে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে রবিউল আওয়ালের নেতৃত্বে একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি এলাকায় মাদকের সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কমিটির মাধ্যমে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
রবিউল আওয়াল বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। হড়গ্রাম ইউনিয়নকে মাদকমুক্ত করতে ধারাবাহিকভাবে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মাদকের বিরুদ্ধে রবিউল আওয়ালের কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও মাদকবিরোধী সব ধরনের কর্মকাণ্ডে তাকে সহযোগিতা করার আশ্বাস দেন।
স্থানীয়দের প্রত্যাশা, ধারাবাহিকভাবে এমন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হলে হড়গ্রাম ইউনিয়নে মাদকের বিস্তার রোধের পাশাপাশি একটি নিরাপদ ও সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রবিউল আওয়াল পবায় র্যালি ও বাড়ি বাড়ি সচেতনতামূলক প্রচারণা
