
মোঃ সাইফুল ইসলাম,বাগমারাঃ রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে মজোপাড়া গ্রামের একমাত্র এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সিসিকরণ (কংক্রিট) রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি ডিএম সাফিকুল ইসলাম সাফি । প্রধান অতিথি বলেন,আউচপাড়া ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়নে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে সাধারণ মানুষের চলাচল সহজ হবে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আউচপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ পলাশ উদ্দিন শাহ । তিনি বলেন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন একটি এলাকার আর্থ-সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ স্থানীয় উন্নয়নকে আরও গতিশীল করবে।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি এবং মহল্লাবাসী উপস্থিত ছিলেন। অতিথিরা আনুষ্ঠানিকভাবে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এ রাস্তাটির উন্নয়নের দাবি ছিল। সিসি রাস্তা নির্মাণ সম্পন্ন হলে বর্ষা মৌসুমসহ বছরের সব সময় এলাকাবাসীর চলাচল আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।