বাঘা শাহদৌলা সরকারি কলেজে এইচএসসি ফল বিপর্যয়, পাসের হার মাত্র ৩৫.৪০ শতাংশ

বাঘা রাজশাহী প্রতিনিধি

এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহদৌলা সরকারি কলেজে হতাশাজনক চিত্র দেখা গেছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির পাসের হার মাত্র ৩৫ দশমিক ৪০ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৬৫ শতাংশই অকৃতকার্য হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

প্রতিষ্ঠানটির EIIN নম্বর ১২৬২৫৫। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কলেজ থেকে মোট ৪৪৬ জন পরীক্ষার্থী নিবন্ধিত থাকলেও পরীক্ষায় অংশ নেয় ৪৩৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ১৫৪ জন। অনুত্তীর্ণ হয়েছে ২৮১ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৯ জন শিক্ষার্থী।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে খারাপ চিত্র দেখা গেছে মানবিক বিভাগে। এ বিভাগ থেকে ৩১৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৯৫ জন। অকৃতকার্য হয়েছে ২১৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৭ জন।

বিজ্ঞান বিভাগে ১২৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৭ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ৬৯ জন। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ২ জন। বাকি ৪ জনই অকৃতকার্য হয়েছে। এ বিভাগ থেকে কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেনি।

সামগ্রিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তিনটি বিভাগের মধ্যে কোনো বিভাগেই সন্তোষজনক ফল অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি। বিশেষ করে মানবিক বিভাগে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, একটি সরকারি কলেজে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার পেছনে কী কারণ রয়েছে? শিক্ষার মান, পাঠদান কার্যক্রম, নিয়মিত ক্লাস, শিক্ষার্থীদের উপস্থিতি ও পরীক্ষার প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শাহদৌলা সরকারি কলেজের এমন ফলাফল ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে সচেতন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *