নৌকাডুবিতে নিহত আফসার মাঝির পরিবারের মাঝে আর্থিক অনুদান দিলেন রফিকুল ইসলাম রবি

রাজা হোসেন রিংকুঃরাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি।

প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার নিহত আফসার আলী মাঝির পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। একই সঙ্গে পরিবারের দুই শিশুসন্তানের লেখাপড়াসহ প্রয়োজনীয় দায়িত্ব পালনেরও আশ্বাস দেন রফিকুল ইসলাম রবি।
গত (২৮ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে রাজশাহীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীর মাঝামাঝি স্থানে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এ ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ আফছার আলী (৬০) ও তার ছেলে জিয়ারুল হক (৪০)কে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
নিহত বাবা-ছেলের বাড়ি রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকায়।
পরিবারটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রফিকুল ইসলাম রবি বলেন, “এই পরিবারটি একটি মর্মান্তিক দুর্ঘটনায় তাদের আপনজনকে হারিয়েছে। তাদের এই কষ্ট কোনোভাবেই পূরণ করার নয়। মানবিক দায়বদ্ধতা থেকে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পরিবারের দুই শিশুসন্তানের লেখাপড়াসহ তাদের প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “শুধু আজ আর্থিক সহযোগিতা দিয়েই আমার দায়িত্ব শেষ নয়। ইনশাল্লাহ, তাদের বাড়ির সামনে একটি দোকানঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নেব, যাতে পরিবারের উপার্জনের একটি ব্যবস্থা হয়। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী এই পরিবারের পাশে থাকার চেষ্টা করব।”
নিহতদের স্বজনরা এ সময় রফিকুল ইসলাম রবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরিবারের দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য তার সহযোগিতাকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *