নিজস্ব প্রতিনিধিঃ ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি নির্দেশনার আলোকে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা বাজার এলাকায় বিশেষ মশা নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
গত ১৯ নভেম্বর কেশরহাট পৌরসভার সরাসরি তত্ত্বাবধানে এবং কেশরহাট পৌর বণিক সমবায় সমিতি লিমিটেডের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানের আওতায় পৌর বাজার এলাকার সরকারি দপ্তর, মসজিদ, বিভিন্ন ভবন, বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ স্প্রে এবং মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড প্রয়োগ করা হয়।
এ কার্যক্রম তদারকি করেন কেশরহাট পৌর বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী (বাচ্চু)।
অভিযানের মূল উদ্দেশ্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধ করা।
এ সময় পৌরসভা ও বণিক সমবায় সমিতির পক্ষ থেকে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।
সরকারি নির্দেশনায় কেশরহাট পৌর এলাকায় বিশেষ মশা নিধন অভিযান
