নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ে শাপলার মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে WaterCredit Adoption (WCAD) Program-এর আওতায় দিনব্যাপী ‘TOT Refreshers for Master Trainers’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে শাপলা কালচারাল স্কুল কনফারেন্স হলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সংস্থার ২৫ জন মাস্টার ট্রেইনার অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধন করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. মোহসিন আলী। উদ্বোধনী বক্তব্যে তিনি নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেইনারদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রশিক্ষণে TMSS-এর প্রতিনিধি ও ট্রেইনিং কো-অর্ডিনেটর আহাদ আলী উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এছাড়া WaterCredit Adoption Program-এর ফোকাল পারসন ও শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) মো. জাহাঙ্গীর আলম প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক সমন্বয় করেন।
দিনব্যাপী প্রশিক্ষণে নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবহার, নিরাপদ পানির উৎস ও সঠিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ ও ব্যবহার, ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্যবিধি এবং কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পানি ও স্যানিটেশন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কৌশল এবং প্রয়োজনীয় ক্ষেত্রে WaterCredit-এর ঋণ সুবিধার মাধ্যমে পরিবারগুলোকে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা গ্রহণে সহায়তার বিষয়েও আলোচনা হয়।
প্রশিক্ষণে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার অভিজ্ঞ মাস্টার ট্রেইনাররা বিভিন্ন সেশন পরিচালনা করেন। আলোচনা, দলীয় কার্যক্রম, অভিজ্ঞতা বিনিময় ও বাস্তবভিত্তিক উপস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে।
সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে মাস্টার ট্রেইনারদের জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ হয়েছে। তারা পরবর্তীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বিভিন্ন কর্মএলাকা ও সমিতির সদস্যদের মধ্যে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যকর জীবনযাপন বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করবেন।
এছাড়া নিরাপদ পানির ব্যবস্থা কিংবা স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপনে আর্থিক সীমাবদ্ধতার সম্মুখীন পরিবারগুলোকে প্রয়োজন অনুযায়ী WaterCredit-এর ঋণ সুবিধার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, Water.org-এর WaterCredit Program বাংলাদেশে TMSS-এর প্রতিনিধিত্ব ও সমন্বয়ে ১০টি বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এর অন্যতম বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে জনসচেতনতা তৈরিতে কার্যক্রম পরিচালনা করছে।
সংস্থাটির প্রত্যাশা, প্রশিক্ষিত মানবসম্পদ, জনসচেতনতা এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তার সমন্বয়ের মাধ্যমে আরও বেশি পরিবারের কাছে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *