নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিমকে ঘিরে নানা বিতর্ক ও অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা রক্ষা, সাংগঠনিক দায়িত্ব পালন এবং বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের বিষয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয় কয়েকজন নেতাকর্মীর অভিযোগ, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও এসব ঘটনায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে দেখা যায়নি উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে। বরং তাঁর সঙ্গে সখ্যতার কারণে বিতর্কিত ব্যক্তিরা অপকর্ম করার সাহস পাচ্ছেন বলে অভিযোগ তাঁদের।
এ ছাড়া মাসুদ করিমের নিজ ইউনিয়নে ককটেল ও বিস্ফোরকজাতীয় দ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া এক আসামিকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সুপারিশ করে ছাড়িয়ে নেওয়ার অভিযোগও তুলেছেন কয়েকজন নেতাকর্মী। তবে এ অভিযোগের বিষয়ে এখনো স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সম্প্রতি তানোরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে। গত ২২ সেপ্টেম্বর কলমা ইউনিয়নের বারীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। সর্বশেষ ৯ নভেম্বর রাতে একই ইউনিয়নের আজিজপুর বাজারে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের দুর্বৃত্তদের দায়ী করলেও প্রকৃত জড়িতদের শনাক্তে তদন্তের দাবি জানিয়েছেন।
স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, এসব ঘটনা ও বিতর্কের কারণে তানোর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। সংগঠনের ভাবমূর্তি রক্ষায় দ্রুত তদন্তের প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।
তাঁরা ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও রাজশাহী জেলা ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের কাছে মাসুদ করিমের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তের দাবি জানিয়েছেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পদধারী নেতাও। তাঁদের দাবি, ব্যক্তির প্রভাব নয়, সংগঠনের স্বার্থ ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তবে এসব অভিযোগের বিষয়ে মাসুদ করিমের মোবাইল ফোনে একাধিক বার কল দিলে সেটি বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
তানোর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিমকে ঘিরে বিতর্ক, সাংগঠনিক তদন্তের দাবি
