মন্ত্র পড়ে যুবকের গোপনাঙ্গ গায়েবের দাবি, তান্ত্রিককে আটকে রাখল এলাকাবাসী

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে মন্ত্র পড়ে এক যুবকের গোপনাঙ্গ গায়েব করে দেওয়ার দাবি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কথিত এক তান্ত্রিককে আটকে রাখেন স্থানীয়রা। অভিযোগ উঠেছে, পরবর্তী সময়ে মন্ত্রের মাধ্যমে সেটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ব্যর্থ হন ওই ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর এলাকার এক কথিত তান্ত্রিক পূর্ব ফরিদপুর এলাকায় গিয়ে এক যুবকের বিশেষ অঙ্গ মন্ত্রের মাধ্যমে গায়েব করে দেওয়ার দাবি করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে কৌতূহল ও বিস্ময়ের সৃষ্টি হয়।
একপর্যায়ে স্থানীয়রা তাঁকে মন্ত্র পড়ে যুবকের গোপনাঙ্গ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য বলেন। কিন্তু একাধিকবার চেষ্টা করেও কথিত তান্ত্রিক তা করতে পারেননি বলে অভিযোগ ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তাঁকে আটকে রাখেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে মন্ত্রের মাধ্যমে মানুষের শরীরের কোনো অঙ্গ গায়েব করা কিংবা পুনরায় ফিরিয়ে আনার দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই ঘটনাটির প্রকৃত সত্যতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পলাশবাড়ী থানা-পুলিশ।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, পুলিশ স্বপ্রণোদিত হয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত কিংবা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মন্ত্রের মাধ্যমে গোপনাঙ্গ গায়েব ও পুনরায় ফিরিয়ে দেওয়ার এমন অবিশ্বাস্য দাবির সত্যতা এখনো নিশ্চিত হয়নি। পুরো ঘটনার প্রকৃত রহস্য জানতে প্রয়োজন যথাযথ তদন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *