নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক কার্যক্রম। রোববার (২৮ জুন) বিকেলে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা শরিফুল ইসলাম শরিফ।
জানা গেছে, সভাপতি পদে প্রার্থী হতে এর আগে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন এবং নির্বাচন কমিশনের কাছে পদত্যাগপত্র জমা দেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ২৩ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রায় ১ হাজার ৫০০ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে সামনে রেখে কেশরহাটের ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা কামরুজ্জামান, সহকারী নির্বাচন কমিশনার খুশবর রহমান ও জেকের আলী, কোষাধ্যক্ষ ওসমান আলীসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।