নাটোরে মন্ত্রীর জনসভাস্থল থেকে পিস্তল ও ধাতব বলসদৃশ ১৬ গুলি উদ্ধার, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরে একটি জনসভাস্থল থেকে খেলনা পিস্তল ও ধাতব বলসদৃশ ১৬টি গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. সামস্ আল আমিন তানঈম (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে নাটোর সদর থানাধীন উত্তরা গণভবনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ্ আফরোজা খানম, এমপির নাটোরে আগমন উপলক্ষে উত্তরা গণভবনের সামনে দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি।
পথসভা শেষে মন্ত্রীর গাড়িবহর ঘটনাস্থল ত্যাগ করার সময় এক যুবক নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে হেফাজতে নেন।
পরে বিধি অনুযায়ী তার দেহ তল্লাশি করা হলে কোমরে গোঁজা অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগজিন এবং ধাতব বলসদৃশ ১৬টি গুলি উদ্ধার করা হয়।
আটক যুবকের নাম মো. সামস্ আল আমিন তানঈম (২৮)। তিনি নাটোর শহরের কানাইখালী এলাকার মৃত সামসুল আলমের ছেলে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার হওয়া পিস্তলটি খেলনা পিস্তল বলে প্রতীয়মান হয়েছে। তবে উদ্ধার হওয়া সামগ্রী এবং ঘটনার বিষয়ে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই চলছে।
জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে ঘটনার প্রকৃত বিষয় নিশ্চিত হয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে বলে জানিয়েছে নাটোর পুলিশ। পুলিশের দাবি, এসব প্রচারিত তথ্যের সঙ্গে ঘটনাটির প্রকৃত তথ্যের মিল নেই। এ বিষয়ে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে এবং সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *