বাঘায় ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

 

রাজশাহীর বাঘা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।

 

সোমবার (২৯ জুন) বিকেলে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে এসআই শেখ আবু জামিল হাসান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার দক্ষিণ মিলিক বাঘা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মিলিক বাঘা গ্রামের মো. ইউসুফ আলী ক্যারেটের গোডাউনের সামনে কাঁচা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন, উপজেলার চক ছাতারী গ্রামের নফির উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৫৩) এবং দক্ষিণ মিলিক বাঘা গ্রামের নাজিমুদ্দিনের ছেলে আসলাম আলী।

 

এসময়  আটক দুইজনের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়।

 

বাঘা থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুজন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত এবং তাদের বিরুদ্ধে মোট সাতটি মামলা বিচারাধীন রয়েছে। অতীতে তারা জামিনে মুক্ত হয়ে পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়েছে বলেও পুলিশের ভাষ্য।

 

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মাদক নিয়ন্ত্রণে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *