
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, মশক নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে রাজশাহীর পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১ আগস্ট) পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও পুঠিয়া পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। এ বিষয়ে সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নিজেদের বাড়ি, আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার জনসাধারণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
