বাঘায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান শারমিন সুলতানা সোনিয়া, মানুষের পাশে থাকার প্রত্যয়

এম ইসলাম দিলদার, বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক আড়ানী পৌর কাউন্সিলর শারমিন সুলতানা (সোনিয়া)। সামাজিক কর্মকাণ্ড, জনসম্পৃক্ততা ও সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত মুখ হিসেবে পরিচিতি রয়েছে তাঁর।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শারমিন সুলতানা সোনিয়া দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সাবেক আড়ানী পৌর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। উপজেলার বিভিন্ন প্রান্তে সামাজিক, সাংস্কৃতিক ও স্থানীয় অনুষ্ঠানে তাঁর উপস্থিতি দেখা যায়। মানুষের বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার বিষয়টি তাঁর শুভাকাঙ্ক্ষীরা ইতিবাচকভাবে তুলে ধরছেন।

তাঁর শুভাকাঙ্ক্ষীদের মতে, হাস্যোজ্জ্বল, মানবিক ও পরোপকারী স্বভাবের পাশাপাশি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে কাজ করার মানসিকতা রয়েছে শারমিন সুলতানা সোনিয়ার। নারী নেতৃত্বের বিকাশ এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রেও তিনি ভূমিকা রাখতে আগ্রহী।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে শারমিন সুলতানা (সোনিয়া) বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। বিশেষ করে অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করতে চাই। বাঘা উপজেলার মানুষের ভালোবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণায় আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে উপজেলার সব মানুষের পাশে থাকব। নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করব। জনপ্রতিনিধি হওয়া আমার কাছে শুধু একটি পদ নয়, বরং মানুষের সেবা করার একটি বড় দায়িত্ব। আমি চাই, সুখে-দুঃখে সাধারণ মানুষ আমাকে তাদের পাশে একজন আপনজন হিসেবে খুঁজে পাক। এ জন্য বাঘা উপজেলাবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

এদিকে তাঁর প্রার্থিতা ঘিরে শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। তাঁরা শারমিন সুলতানা সোনিয়ার প্রতি শুভকামনা জানিয়ে ভবিষ্যতে তাঁর পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করছেন।

সাধারণ মানুষের প্রত্যাশা, স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ভবিষ্যতে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *