রাজশাহী ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি সামাদ,সা. সম্পাদক আাসাদ, মিষ্টিমুখ

 

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সামাদ খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ নির্বাচিত হয়েছেন। শনিবার (২৭ জুন) সকালে নগরীর কাদিরগঞ্জ এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে সকাল ১১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুপুর ১টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। পরে ভোটগণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর সংগঠনের কার্যালয়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। নবনির্বাচিত নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংবাদিক নেতারা। এ সময় রাজশাহী প্রেসক্লাবের সেক্রেটারি গোলাম মোস্তফা মামুন নবনির্বাচিত সভাপতি সামাদ খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ কমিটির অন্য সদস্যদের অভিনন্দন জানান। পরে তিনি নিজ হাতে মিষ্টি মুখ করিয়ে নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানান। মিষ্টি মুখের মধ্য দিয়ে ভোটের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পেশাগত ঐক্যের সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।
গোলাম মোস্তফা মামুন বলেন, ফটোসাংবাদিকেরা সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ অংশ। মাঠে থেকে তাঁরা যে ঝুঁকি নিয়ে কাজ করেন, তা সমাজ ও গণমাধ্যমের জন্য অত্যন্ত মূল্যবান। নতুন নেতৃত্ব সংগঠনকে আরও গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি। পেশাগত মর্যাদা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা ধরে রেখে ফটোসাংবাদিকদের অধিকার রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

নির্বাচনে সহ-সভাপতি পদে কাবিল হোসেন নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আজম খান। অর্থ সম্পাদক পদে মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে সোহরাব হোসেন সৌরভ এবং নির্বাহী সম্পাদক পদে রাশেদুর রহমান রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজম খান বিপুল ভোটে জয়লাভ করেন। তবে সহ-সভাপতি পদে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এই পদে কাবিল হোসেন মাত্র এক ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবিসহ সাংবাদিক ও ফটোসাংবাদিক নেতৃবৃন্দ। নির্বাচনের পর নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের উন্নয়ন, সদস্যদের পেশাগত স্বার্থরক্ষা এবং ফটোসাংবাদিকদের মর্যাদা বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *