
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলায় ইয়াবা ও হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঘা থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নারায়নপুর এলাকার রমজিদের আমবাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি শাকিব (২৮)। তিনি উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আঞ্জারুল ইসলামের ছেলে এবং এলাকায় ‘নিলু কোম্পানি’ নামে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার এসআই প্রদ্যুৎ কুমারের নেতৃত্বে এসআই শেখ আবু জামিল হাসানসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শাকিবকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় সোয়া ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, এর আগে মাদক সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করেছিলেন শাকিব। সম্প্রতি জামিনে মুক্ত হওয়ার পর তিনি পুনরায় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেরাজুল হক জানান, উদ্ধারকৃত মাদকের ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।