রাজশাহীতে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে লিফাত ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: একটি মশারি হয়তো ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষা দিতে পারে, একটি গাছের চারা হতে পারে আগামীর সবুজের প্রতীক। কিন্তু প্রতিবন্ধী মানুষের হাতে যখন একই সঙ্গে মশারি, গাছের চারা কিংবা স্বাবলম্বী হওয়ার সহায়তা পৌঁছে যায়, তখন তা শুধু উপহার থাকে না—হয়ে ওঠে বেঁচে থাকার সাহস ও নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা। এমনই মানবিক ভাবনা নিয়ে রাজশাহীতে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন সমবায় সমিতি। শনিবার (৮ আগস্ট) বিকেলে নগরের নওদাপাড়া ছায়ানীড় আবাসিক এলাকায় ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও মশারি বিতরণ করা হয়। প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থার ১০০ সদস্যের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি ডেঙ্গু ও হাম প্রতিরোধে পরামর্শসেবা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও মশারি বিতরণ করেন মহানগর বিএনপির সভাপতি মো. মামুন-অর রশিদ। ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, প্রতিবন্ধী মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে লিফাত ফাউন্ডেশনের উদ্যোগ সমাজে মানবিকতার দৃষ্টান্ত তৈরি করছে। শুধু সহায়তা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে তোলার যে চেষ্টা প্রতিষ্ঠানটি করছে, তা প্রশংসনীয়। প্রতিবন্ধীদের পাশে সমাজের সামর্থ্যবান মানুষ ও প্রতিষ্ঠানগুলোকে আরও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণও সামাজিক দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই কর্মসূচির অংশ হিসেবে লিফাত ফাউন্ডেশনের বৃক্ষরোপণ উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহীতে ভবিষ্যতে আরও ১০ হাজার বৃক্ষ রোপণ করা হবে। এবিষয়ে লিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ শিকদার বলেন, তাঁর নিজের ছেলে প্রতিবন্ধী হওয়ায় প্রতিবন্ধী মানুষের জীবন সংগ্রাম তিনি খুব কাছ থেকে উপলব্ধি করেন। সেই অনুভূতি থেকেই তাঁর মতো অন্য প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে লিফাত ফাউন্ডেশন গড়ে তুলেছেন। এরই ধারাবাহিকতায় প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থার ১০০ সদস্যের মধ্যে গাছের চারা ও মশারি বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে রাজশাহী জেলায় ২ হাজার মশারি বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতে ১০ হাজার বৃক্ষ বিতরণের পরিকল্পনা রয়েছে। প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে খাদ্য ও চিকিৎসাসেবা, কর্মসংস্থানের জন্য স্বল্প সুদে ঋণ, বাসস্থান এবং প্রতিবন্ধীদের বিয়ের আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাবে ফাউন্ডেশন। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরু কেনাসহ বিভিন্ন কাজে ৩০ হাজার, ৫০ হাজার ও ১ লাখ টাকা পর্যন্ত স্বল্প সুদে ঋণ দেওয়া হয়েছে। চিকিৎসা সহায়তা হিসেবে রাজশাহীর দুজন প্রতিবন্ধীকে এককালীন এক লাখ টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়া ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীর বিয়ের আয়োজন করা হয়েছে। খাদ্য, চিকিৎসা, কর্মসংস্থান ও বাসস্থানের পাশাপাশি তাঁদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেও কাজ করছে প্রতিষ্ঠানটি।

এসময় দৃষ্টি প্রতিবন্ধী শিউলি বলেন, মশারি ও গাছের চারা পেয়ে তিনি আনন্দিত। মশারির কারণে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ থেকে নিরাপদ থাকার আশা করছেন তিনি। প্রতিবন্ধীদের কথা মনে রেখে এমন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় লিফাত ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। শারীরিক প্রতিবন্ধী শরীফ বলেন, মশারি ও গাছের চারা পাওয়া তাঁর কাছে শুধু উপহার নয়, এটি তাঁদের প্রতি সমাজের মানুষের দায়িত্ববোধের প্রকাশ। এমন উদ্যোগ তাঁদের আত্মবিশ্বাস বাড়ায় এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার সাহস জোগায়। প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর জন্য লিফাত ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থা ও জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি মো. মোমিনুল ইসলাম এবং পবা উপজেলার পারিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. খায়রুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, সদস্যসচিব নাসিম খান, শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম ও শাহমখদুম থানা ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক লিটন শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *