নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর পবা উপজেলার বিলনেপালপাড়া মাঠে স্থানীয় ফুটবলের ঐতিহ্য ধরে রাখা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে ফুটবল বিতরণ ও প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও পবা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান হাফিজের উদ্যোগে রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষ থেকে স্থানীয় খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়। ফুটবল বিতরণ শেষে বিলনেপালপাড়া মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান, পবা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ তইমুর রহমান, দর্শনপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক, যুবনেতা মোঃ এনামুল হক, মোঃ জামিরুল ইসলাম সহ এলাকার সাবেক খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও সম্মানিত ব্যক্তিবর্গ।
ফুটবল বিতরণ প্রসঙ্গে মোঃ হাফিজুর রহমান হাফিজ বলেন, বিলনেপালপাড়ার ফুটবলের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। একসময় এ এলাকার ফুটবল দল বেশ শক্তিশালী ছিল। আমি চাই, সেই গৌরবময় ঐতিহ্য নতুন প্রজন্মের হাত ধরে আবারও প্রাণ ফিরে পাক। তরুণেরা খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করুক এবং এলাকার সুনাম বয়ে আনুক। এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণ খেলোয়াড়দের এগিয়ে নিতে আমি পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং নতুন খেলোয়াড় তৈরি করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্প্রীতি ও সুস্থ মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রীতি ম্যাচকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিলনেপালপাড়া মাঠের ফুটবল ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়েরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।
