
প্রতিবাদে একাত্মতা প্রকাশ নারী-শিশুসহ সাধারণ মানুষের, যোগ দেন যুবদল নেতা রবি
নিজস্ব প্রতিবেদক | ফক্স নিউজ বিডি | রাজশাহী
সারাদেশ যখন শিশু রামিছাকে ধর্ষণের পর গলা কেটে নির্মম হত্যার ঘটনায় ক্ষোভ, প্রতিবাদ ও বিচার দাবিতে উত্তাল, ঠিক সেই সময় রাজশাহীতে ব্যতিক্রমধর্মী এক নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করলেন ফক্স নিউজ বিডির সম্পাদক ও সাংবাদিক আসগর আলী সাগর।
রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এই প্রতিবাদে নারী, শিশু ও সাধারণ মানুষ চোখে কালো পট্টি বেঁধে দীর্ঘ সময় নীরবে দাঁড়িয়ে থেকে ধর্ষণ, শিশু নির্যাতন ও বিচারহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। রাজশাহীতে সাংবাদিকের নেতৃত্বে এমন প্রতীকী প্রতিবাদ এই প্রথম বলে মনে করছেন সচেতন মহল।
শনিবার রাতের এ কর্মসূচিতে শহীদ মিনারে ঘুরতে আসা নারী ও শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এক পর্যায়ে পুরো পরিবেশ যেন নীরব প্রতিবাদের ভাষায় রূপ নেয়। চোখে কালো পট্টি বেঁধে দাঁড়িয়ে থাকা শিশুদের দৃশ্য উপস্থিত মানুষের মনকে নাড়িয়ে দেয়।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন ফক্স নিউজ বিডির সম্পাদক আসগর আলী সাগর। তিনি বলেন,
“আমরা সমাজে অনেক অপরাধ চোখের সামনে দেখেও না দেখার ভান করি। চোখে দেখি, কিন্তু আইনের বাস্তব বিচার দেখি না। এই কারণেই অনেক অপরাধী বারবার পার পেয়ে যায়। রামিছার হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের কান্না নয়, এটি পুরো দেশের বিবেকের আর্তনাদ।”
তিনি আরও বলেন,
“সাংবাদিক শুধু সংবাদ প্রকাশ করবে—এমন ধারণা বদলাতে হবে। সমাজের অন্যায়, শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার বিরুদ্ধে সাংবাদিকদেরও প্রতিবাদী হওয়া উচিত। কলমের পাশাপাশি মানবতার পক্ষে অবস্থান নেওয়াও সাংবাদিকতার দায়িত্ব।”
এ সময় উপস্থিত সাধারণ মানুষও এই প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেন। নারী ও শিশুদের অংশগ্রহণ কর্মসূচিটিকে আরও মানবিক ও তাৎপর্যপূর্ণ করে তোলে। প্রতিবাদে অংশ নেওয়া অনেকেই বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ নয়, বাস্তবেও মানুষকে সোচ্চার হতে হবে।
পরে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি তার নেতাকর্মীদের নিয়ে কর্মসূচিতে যোগ দেন। তিনি বলেন,
“শিশু রামিছাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে শিশু বলৎকার ও নির্যাতনের ঘটনাগুলোর বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে হবে।”
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া সচেতন নাগরিকরা বলেন, সমাজে যখন অপরাধ বাড়ছে, তখন সাংবাদিক সমাজেরও মানবিক অবস্থান নেওয়া জরুরি। ফক্স নিউজ বিডির এই উদ্যোগ অন্য সাংবাদিকদের মাঝেও ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলে আশা প্রকাশ করেন তারা।
স্থানীয়দের মতে, সংবাদ প্রকাশের গণ্ডি পেরিয়ে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ার মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন সাংবাদিক আসগর আলী সাগর। রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে চোখে কালো পট্টি বেঁধে এই নীরব প্রতিবাদ যেন পুরো সমাজকে একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছে—
“আমরা কি সত্যিই সবকিছু দেখেও না দেখার ভান করছি?”