যশোর প্রতিনিধি:
অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও অনুমোদনহীন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অবৈধ ই-ট্রানজেকশনের অভিযোগে যশোরে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ই-ট্রানজেকশনে ব্যবহৃত ৫৫টি বিভিন্ন কোম্পানির সিমকার্ড ও নগদ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ৭ সেপ্টেম্বর ২০২৬ ভোর ৫টা ১০ মিনিটের দিকে যশোর কোতয়ালী মডেল থানাধীন উপশহর এলাকার বাবলাতলা মাইক্রোবাস স্ট্যান্ডে রাত্রিকালীন টহল পরিচালনাকালে দুই যুবককে আটক করা হয়। তারা হলেন—মাগুরার শালিখা উপজেলার গোয়ালখালী এলাকার তাপস কুমার (২৪) এবং মাদারীপুরের কালকিনি উপজেলার নয়াকান্দি এলাকার তুষার শিকদার (২৪)।
আটক দুজনকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা সহযোগীদের নিয়ে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদনবিহীন বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ও ভার্চুয়াল কারেন্সি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধ ই-ট্রানজেকশন ও অর্থনৈতিক লেনদেন পরিচালনা করে আসছিলেন। এসব প্ল্যাটফর্মের মধ্যে Win Betting, Mobcash ও 1xBet-এর মতো সাইটের নাম উল্লেখ করেছে পুলিশ।
পরবর্তীতে প্রাপ্ত তথ্য যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সকাল ৬টা ৫০ মিনিটে যশোরের ঘোপ নওয়াপাড়া রোডে মোহাম্মদ আলী মন্ডলের ৮২১ নম্বর বাড়ির তৃতীয় তলার উত্তর পাশের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে মোছাঃ সাদিয়া ইসলাম সুইটি (২৩) ও ইসরাত জাহান তৃপ্তি (২০) নামে আরও দুই নারীকে আটক করা হয়।
অভিযানে তাদের হেফাজত থেকে ১০টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ই-ট্রানজেকশনের কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির ৫৫টি সিমকার্ড এবং নগদ ৫৭ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
আটক চারজন হলেন—তাপস কুমার (২৪), তুষার শিকদার (২৪), মোছাঃ সাদিয়া ইসলাম সুইটি (২৩) ও ইসরাত জাহান তৃপ্তি (২০)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
