ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ শাখা ছাত্রদল আয়োজিত জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

নিজস্ব প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী শাখা ছাত্রদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে জিয়া ফুটবল টুর্নামেন্ট (সিজন-১)-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) রাত ৯টায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, অনেকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কোরআন-হাদীসের অপব্যাখ্যা ও বিকৃতি করেন। কিন্তু আমরা কোরআন-হাদীসকে বিকৃত করে রাজনীতি করি না। আমরা আমাদের ধর্মীয় মূল্যবোধ ও দলীয় আদর্শকে যথাযথভাবে ধারণ করেই রাজনীতি করি।
তিনি আরো বলেন, রাজনীতি করতে হবে নিজের আদর্শ ও নীতিকে ধারণ করে। আমি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দের পাশে সব সময় আছি। তোমরা আদর্শ, দেশপ্রেম, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের কল্যাণে রাজনীতি করো।
রাসিক প্রশাসক বলেন, আমরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগ পাইনি। তবে ২০২৪ সালে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। সেই আন্দোলনে এ দেশের ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছাত্রসমাজ চাইলে অনেক কিছুই করতে পারে, অতীতেও আন্দোলন-সংগ্রামেও তার প্রমাণ পেয়েছি।

তিনি আরো বলেন, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং শহীদ জিয়া শিশুপার্ককে আধুনিক ও আকর্ষণীয়ভাবে ঢেলে সাজানোর কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। রাজশাহীর পদ্মা নদীর মিডল চরকে একটি সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হবে। জলাবদ্ধতামুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান থাকবে। যতদিন প্রয়োজন, ততদিন এ কার্যক্রম অব্যাহত রাখা হবে। আমাদের লক্ষ্য একটি পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলা।

অনুষ্ঠানে শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শৌরভ, সাধারণ সম্পাদক সদস্য ওয়ালিউল কবির হৃদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ৬ দল অংশগ্রহণ করেছিল। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফ্যালকোন এফসি এবং রানার আপ হয়েছে রয়েল ফনিক্স। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন, রানার আপ দলের ট্রফি সহ অন্যান্য পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *