আব্দুল্লাহ আল মাসুদ আরিফ, হেলসিঙ্কি (ফিনল্যান্ড) প্রতিনিধি:
ফিনল্যান্ডে প্রায় তিন সপ্তাহ নিখোঁজ থাকার পর নাফিস ইস্কান্দার (৫০) নামে এক বাংলাদেশি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত শনিবার (৮ নভেম্বর) হেলসিঙ্কি-টাম্পেরে মহাসড়কের হ্যামেনলিন্না এলাকায় সড়ক থেকে ছিটকে পড়া একটি গাড়ির ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, প্রায় তিন সপ্তাহ আগে ফিনল্যান্ডের তাম্পেরে শহর থেকে রাজধানী হেলসিঙ্কিতে যাওয়ার পথে নিখোঁজ হন নাফিস ইস্কান্দার। তাঁর নিখোঁজের ঘটনায় ফিনল্যান্ডের বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দেশটির পুলিশের পক্ষ থেকেও নিখোঁজ ব্যক্তির সন্ধানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি কয়েক দিন আগেই ঘটেছিল। পুলিশের নিজস্ব তল্লাশির মাধ্যমে গাড়িটির সন্ধান পাওয়া যায়। গাড়িটি মোরেনি ও ১০ নম্বর সড়কের মধ্যবর্তী একটি সবুজ এলাকায় মহাসড়ক থেকে ছিটকে পড়ে ছিল। তবে অবস্থান ও পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে গাড়িটি সহজে চোখে পড়ার মতো ছিল না। ফলে আগে কেউ দুর্ঘটনাটি শনাক্ত করতে পারেনি।
পুলিশ ঘটনাটি দুটি দৃষ্টিকোণ থেকে তদন্ত করছে। প্রথমত, সড়ক চলাচলের নিরাপত্তাসংক্রান্ত বিষয় এবং দ্বিতীয়ত, ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়। কীভাবে ও কেন দুর্ঘটনাটি ঘটেছে এবং মৃত্যুর সঙ্গে দুর্ঘটনার কী সম্পর্ক রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার ব্যতিক্রমী দিক হলো, দুর্ঘটনার বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি। বরং পুলিশের নিজস্ব অনুসন্ধানের মাধ্যমেই গাড়িটির সন্ধান পাওয়া যায়।
হ্যামে থানার পুলিশ প্রধান পেত্রি ইকোনেন শনিবার সন্ধ্যায় ফিনল্যান্ডের সংবাদমাধ্যম ইয়েলেকে (Yle) বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গাড়িটির বিষয়ে কেউ পুলিশকে খবর দেয়নি। পুলিশের তল্লাশির মাধ্যমেই সেটি খুঁজে পাওয়া গেছে। তবে কী কারণে পুলিশ আগে থেকেই গাড়িটির খোঁজ করছিল, সে বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
গাড়িটির অস্তিত্ব এবং সেটি খুঁজে বের করার প্রয়োজনীয়তা সম্পর্কে পুলিশ কীভাবে তথ্য পেয়েছিল, তা নিয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশ প্রধান ইকোনেন জানিয়েছেন, তদন্তের অগ্রগতির সঙ্গে বিষয়টি পরবর্তী সময়ে আরও স্পষ্ট হতে পারে।
গাড়িটি শনাক্ত হওয়ার পর পুলিশের অনুরোধে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়।
এদিকে, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স কিংবা অন্যান্য পরিচয়সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ ও দুর্ঘটনার পেছনের পরিস্থিতি জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
