এম ইসলাম দিলদার, বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় এক বছর চার মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনিসুর রহমানকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর (আলাইপুর) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনিসুর রহমান ওই গ্রামের মাজদার রহমানের ছেলে।
বাঘা থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(২) ধারায় দায়ের করা মামলায় আদালত তাকে এক বছর চার মাসের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বাঘা থানার একটি পুলিশ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের তত্ত্বাবধানে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।
