ডেঙ্গু প্রতিরোধে রাজপাড়া থানার ৮ নম্বর ওয়ার্ড লক্ষ্মীপুরে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম

রাজশাহী প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ৮নং ওয়ার্ড লক্ষিপুর রাজশাহী মেডিকেল কলেজ জরুরী বিভাগের সামনে সরকারি বিভাগীয় গ্রন্থাগার এর আশপাশের এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দিকনির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান।
কর্মসূচি পরিচালনা করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মঈদ।
এ সময় উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তৌফিকুর রহমান রতন, রাজপাড়া থানা বিএনপির সহসভাপতি মিল্টন, কোষাধক্ষ্য তানভীর সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু সহ থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ডের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, মশার প্রজননস্থল পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া, জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
এ সময় স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন বা পরিচ্ছন্নতা কার্যক্রম যথেষ্ট নয়; এ জন্য নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা জরুরি। সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা, লার্ভিসাইড, ফগার স্প্রে ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *