বাঘায় আইনশৃঙ্খলা কমিটির সভায় সার, বিদ্যুৎ, মাদক ও স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তকি ফয়সাল তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান।

সভায় বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেরাজুল হক, আলাইপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মোঃ শরিফ জাহাঙ্গীর ইসলাম, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের প্রতিনিধি, প্যানেল চেয়ারম্যান, সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসাধারণের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বাঘায় ইউরিয়া সারের সংকট, চলমান বিদ্যুৎ সমস্যা এবং বিদ্যুৎ সরবরাহের তুলনায় বেশি বিল আসার বিষয়টি আলোচনায় উঠে আসে।

এছাড়া মাদক নিয়ন্ত্রণ, হ্যাকার ও সাইবার অপরাধ প্রতিরোধ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও সেবা প্রদানে অবহেলার অভিযোগ, পৌরসভা এলাকায় চলমান সড়ক নির্মাণকাজের ধীরগতি এবং সীমান্তবর্তী এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশ ও বিজিবির যৌথ টহল জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত সদস্যরা জনসাধারণের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তকি ফয়সাল তালুকদার আলোচিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *