বাঘায় ১৫৪ বোতল ভারতীয় স্কাফসহ যুবক গ্রেপ্তার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় আমদানি নিষিদ্ধ ভারতীয় ১৫৪ বোতল স্কাফসহ নাসিরুল ইসলাম ওরফে মিরাজ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর (গাবতলীপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাসিরুল ইসলাম ওই এলাকার মো. আশরাফ আলীর ছেলে।
বাঘা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে আলাইপুর (গাবতলীপাড়া) এলাকায় নাসিরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়ার ভিত্তিতে বাড়ির রান্নাঘরসংলগ্ন খড়ি রাখার ঘর থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১৫৪ বোতল স্কাফ উদ্ধার করা হয়। পরে নিয়ম অনুযায়ী উদ্ধার করা মাদকদ্রব্যের জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
এ ঘটনায় নাসিরুল ইসলাম ওরফে মিরাজের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন তিনি।
