নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে দুটি আবাসিক হোটেলে পৃথক অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৬ পুরুষ ও ১২ নারীসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজার এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে চৌমুহনী বাজারের রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালায় ডিবি। সেখান থেকে ইমাম হোসেন (৫০) নামে এক পুরুষ ও পাঁচ নারীকে আটক করা হয়।
এরপর বিকেল ৫টার দিকে একই এলাকার ডালিয়া মার্কেটের রাজ আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখানে চার পুরুষ ও সাত নারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার পুরুষরা হলেন—ইমাম হোসেন (৫০), আরমান হোসেন (২২), নাছির উদ্দিন (৩২), মিজানুর রহমান (২২), মোজাম্মেল হোসেন (২০) ও মো. রাকিব হোসেন (১৯)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ১৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আবাসিক হোটেলগুলোতে আইনবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান প্রয়োজন। পুলিশের এমন তৎপরতা এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হতে পারে বলেও মনে করছেন তারা।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
