
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর ফলতলায় একটি ব্যতিক্রমী আকৃতির আম ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। হৃদয় (হার্ট) আকৃতির সঙ্গে অনেকটা সাদৃশ্যপূর্ণ এবং দেখতে জমজ ফলের মতো এই বিরল ‘রূপালী’ আমটি পাওয়া গেছে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান মুরাদ ম্যাংগো হাউজে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মুরাদ মিয়া জানান, দীর্ঘদিন ধরে আমের ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও তিনি আগে কখনো এমন আকৃতির আম দেখেননি। জীবনে প্রথমবারের মতো এমন একটি আম পাওয়ার পর সেটি দেখতে আশপাশের এলাকার মানুষজন ভিড় করতে শুরু করেন।
খবর ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ আমটি দেখতে আসেন। এমনকি স্থানীয় শিক্ষার্থীরাও বিরল আকৃতির আমটি দেখতে ভিড় জমায়। অনেকেই আমটিকে ভালোবাসার প্রতীক হিসেবে আখ্যা দেন।
তবে কোনো ধরনের কুসংস্কার বা বিভ্রান্তি ছড়িয়ে পড়ার আগেই ফক্সনিউজ বিডির সম্পাদক ও সাংবাদিক আজগর আলী সাগর আমটি কেটে পরীক্ষা করেন। পরে আমের আঁটি পর্যবেক্ষণ করে উপস্থিত সবাইকে এটি মূলত জমজ গঠনের একটি স্বাভাবিক আম বলে নিশ্চিত করেন।
স্থানীয়দের মতে, প্রকৃতির বৈচিত্র্যময় সৃষ্টির অন্যতম উদাহরণ এই আমটি। বিরল আকৃতির হলেও এটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ছবিতে দেখা যায়, সবুজ রঙের আমটির মাঝখানে স্পষ্ট খাঁজ থাকায় এটি অনেকটা হৃদয় আকৃতি ধারণ করেছে, যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে