
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হলেও জনস্বার্থে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আগামী ২৬ মে (মঙ্গলবার) ও ৩০ মে (শনিবার) হাসপাতালের আউটডোর বিভাগ খোলা থাকবে এবং সাধারণ রোগীরা চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
এ বিষয়ে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. মো: রাকিবুল হাসান জানান, ঈদের দীর্ঘ ছুটিতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের ইমারজেন্সি ও ইনডোর বিভাগে পূর্বের ন্যায় ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা চালু থাকবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, “ঈদের সময় অনেক মানুষ বিভিন্ন শারীরিক সমস্যায় পড়েন। তাই জনগণের কথা বিবেচনা করে সীমিত আকারে আউটডোর সেবা চালু রাখা হয়েছে।”
মোহনপুরবাসীর প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার আহ্বানও জানান তিনি।