
বাঘায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আঃ লতিফ মিক্রা, বাঘা পদ্মা প্রেস ক্লাবের সভাপতি হাবিল উদ্দিন, বাঘা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল হাশেম, বাঘা রিপোর্টার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার, বাঘা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও তিনটি এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত হলো সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তির একটি কার্যকর মাধ্যম। গ্রামীণ পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে সাধারণ জনগণকে গ্রাম আদালত সম্পর্কে অবহিত ও সচেতন করতে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।