বাঘায় স্ত্রী হত্যার অভিযোগে পলাতক স্বামী গ্রেপ্তার


বাঘায় স্ত্রী হত্যার অভিযোগে পলাতক স্বামী গ্রেপ্তার

 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

 

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা এলাকায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে পলাতক স্বামী মো. জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাশের চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

 

গ্রেপ্তার জহুরুল ইসলাম বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা গ্রামের ইনসান আলীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর পারিবারিক বিরোধের জেরে জহুরুল ইসলামের সঙ্গে তাঁর স্ত্রী যুথি খাতুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জহুরুল ইসলাম ধারালো বটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ ওঠে। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে জহুরুল ইসলাম পলাতক ছিলেন।

 

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর পুলিশ আসামিকে গ্রেপ্তারে তৎপরতা চালায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার চারঘাটের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, স্ত্রী হত্যার অভিযোগে পলাতক স্বামী জহুরুল ইসলামকে চারঘাটের রামচন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *