রামেক পরিচালকের সঙ্গে ছাত্রলীগের সাবেক দুই নেতার সাক্ষাৎ ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের সঙ্গে ছাত্রলীগের সাবেক দুই নেতার সাক্ষাৎকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও চিকিৎসকরা। পরে ওই দুই নেতাকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

আটক দুজন হলেন রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সাবেক সভাপতি ডা. শুভ সরকার এবং সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাসপাতাল পরিচালকের সঙ্গে ওই দুই সাবেক ছাত্রলীগ নেতার বৈঠকের খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে তারা পরিচালকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং দুই নেতাকে সেখানে অবরুদ্ধ করে রাখেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের এমন বৈঠকের মাধ্যমে সংগঠনটিকে পরোক্ষভাবে সহযোগিতা করা হচ্ছে। এ ঘটনার ব্যাখ্যা দাবি করেন তারা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। পরে পুলিশ দুই নেতাকে সেখান থেকে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের মারধর করেন এবং ডিম নিক্ষেপ করেন।
এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ছাত্রলীগের ওই দুই সাবেক নেতা তাদের ইন্টার্নশিপ ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে তাদের আসার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে হেফাজতে নেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিল। বর্তমানে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *