নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাত ৮ টায় নগরীর হোটেল স্টারের কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহী মহানগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্যকর, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জলাবদ্ধতা নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং ডেঙ্গু প্রতিরোধে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শুদ্ধতা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ দেশের ১৩টি সিটি কর্পোরেশনের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন বিশেষ সম্মাননা অর্জন করেছে। এ অর্জন আমাদের কাজের স্বীকৃতি দিয়েছে, অনুপ্রেরণা বাড়িয়ে দিয়েছে। রাজশাহীকে উন্নয়নের পথে আরও এগিয়ে নিতে এবং বিশ্বদরবারে একটি আধুনিক ও উন্নত নগরী হিসেবে তুলে ধরতে মহানগরবাসীর সহযোগিতা প্রয়োজন। আমি বিশ্বাস করি, মহানগরবাসীর সার্বিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি নতুন, সুন্দর ও বাসযোগ্য রাজশাহী বিনির্মাণ করতে সক্ষম হব।”
রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে ফক্সনিউজ বিডির সম্পাদক ও অনলাইন সাংবাদিক ফোরামের সদস্য আসগর আলী সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান মঈন উদ্দিন, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ আকবর আলী প্রমুখ।
অনুষ্ঠানে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আরিফুল হক রনি সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
