আবু সাঈদ, বাঘা (রাজশাহী)
২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে রাজশাহীর বাঘার শাহদৌলা স্পোর্টস একাডেমি। দীর্ঘ দুই দশকের পথচলায় ক্রীড়া প্রশিক্ষণ ও বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনে নিজেদের একটি শক্ত অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
শাহদৌলা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রাজ্জাক। প্রতিষ্ঠার শুরু থেকেই যুবসমাজকে মাদকাসক্তি, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে একাডেমিটি।
বর্তমানে একাডেমিটির সদস্য সংখ্যা ১৫০ জনেরও বেশি। এখানে ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন খেলায় নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়। একাডেমির প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন হাফিজুর রহমান রিপন। এছাড়া আবু হেনা মোস্তফা জামান বাপ্পি সভাপতি এবং আবু হেনা মোস্তফা কামাল রানা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিষ্ঠার পর থেকে শাহদৌলা স্পোর্টস একাডেমির খেলোয়াড়রা স্থানীয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছেন। একাডেমির একাধিক খেলোয়াড় জাতীয় পর্যায়েও নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
একাডেমি কর্তৃপক্ষ জানায়, শুধু প্রশিক্ষণ দেওয়ার মধ্যেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ নয়। বছরের বিভিন্ন সময়ে ক্রিকেট, ফুটবলসহ নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্টের আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, বাঘা উপজেলার তরুণদের খেলাধুলামুখী করে গড়ে তোলা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে শাহদৌলা স্পোর্টস একাডেমির ভূমিকা গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করছে।
দীর্ঘ ২০ বছরের পথচলায় শাহদৌলা স্পোর্টস একাডেমি শুধু একটি ক্রীড়া প্রশিক্ষণকেন্দ্র নয়, বরং বাঘার তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। আগামী দিনেও ক্রীড়াক্ষেত্রে আরও প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মোঃ আবু সাঈদ
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
মোবাইলঃ ০১৭৯৮৮২৭৮৬৯
