রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকায় মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয় ও কিশোর গ্যাংয়ের অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে পুলিশি টহল, নজরদারি ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
রোববার (২০ সেপ্টেম্বর) চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে এ বিষয়ে একটি আবেদন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে দেওয়া হয়।
আবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে চন্দ্রিমা থানা এলাকার বিভিন্ন স্থানে মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয় ও মাদক সেবনের ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ রয়েছে। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের একটি অংশ সংঘবদ্ধ হয়ে রাতে বিভিন্ন স্থানে অবস্থান, আড্ডা, বিশৃঙ্খলা, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, মাদকের সহজলভ্যতা কিশোর ও তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে। পাশাপাশি রাতের সময়ে গুরুত্বপূর্ণ সড়ক, গলি ও নির্জন স্থানগুলোতে পুলিশের নিয়মিত টহল বাড়ানো হলে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।
আবেদনে মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয়, সরবরাহ ও সেবনের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা, কিশোর গ্যাংয়ের বিষয়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ ছাড়া রাতে অপ্রয়োজনে রাস্তায় অবস্থানকারী অপ্রাপ্তবয়স্ক কিশোরদের বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনে অভিভাবকদের অবহিত করা এবং কাউন্সেলিংয়ের আওতায় আনারও অনুরোধ জানানো হয়েছে।
মাদক ও কিশোর গ্যাংয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষ, অভিভাবক ও কিশোর-তরুণদের সচেতন করতে মাইকিং ও জনসচেতনতামূলক প্রচারণা চালানোর দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কিশোর-তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
আবেদনকারীরা বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি বা কিশোরকে হয়রানি করা তাদের উদ্দেশ্য নয়। প্রকৃত অপরাধী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে এনে একটি নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তপন, যুবদল নেতা লিওনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
