বাঘায় তরুণ উদ্যোক্তাদের জন্য ‘উদ্যোগ’ কর্মশালা, মিলবে ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় তরুণ উদ্যোক্তাদের দক্ষতা ও মেধা বিকাশ, সঠিক দিকনির্দেশনা প্রদান এবং সহজ শর্তে অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘উদ্যোগ’ শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও চিহ্নিতকরণ কর্মসূচির আওতায় আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তকী ফয়সল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী কার্যালয়ের উপপরিচালক ও রিসোর্স পার্সন মো. আসাদুজ্জামান এবং সহকারী পরিচালক সাফি সাহেদ আহমেদ সাব্বির।
এছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মো. সাজিদুর রহমান, সোনালী ব্যাংক পিএলসি, বাঘা শাখার ব্যবস্থাপক মো. আতিকুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস, বাঘা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল হাশেমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং তরুণ উদ্যোক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাঘা উপজেলার জন্য মনোনীত লিড ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি, বাঘা শাখার শাখাপ্রধান মো. দেলোয়ার হোসেন।
কর্মশালায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হলো কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন। তরুণ সমাজের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন ব্যবসা ও উদ্যোগ গড়ে তোলা সম্ভব হলে একদিকে যেমন আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে অনেক মানুষের কর্মসংস্থানের পথও সুগম হবে।
কর্মশালায় জানানো হয়, এ কর্মসূচির আওতায় ১৮ থেকে ২৮ বছর বয়সী যোগ্য তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। এ অর্থের ৫০ শতাংশ অনুদান এবং বাকি ৫০ শতাংশ রিফাইন্যান্স স্কিমের আওতায় ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে ঋণ হিসেবে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
বক্তারা তরুণদের এ সুযোগকে কেবল আর্থিক সহায়তা হিসেবে বিবেচনা না করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা রয়েছে কিংবা ইতোমধ্যে ক্ষুদ্র পরিসরে ব্যবসা পরিচালনা করছেন, এমন তরুণদের কর্মসূচির শর্তাবলি ভালোভাবে জেনে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেওয়া হয়।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ের লিড ব্যাংক হিসেবে বাঘার বিভিন্ন ব্যাংক থেকে প্রাপ্ত আবেদন সংগ্রহ ও সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যে রাজশাহী জেলা লিড ব্যাংকের কাছে পাঠানো হবে বলে কর্মশালায় জানানো হয়।
