
বাগমারা (রাজশাহী):
এলাকায় দীর্ঘদিন ধরে চলমান মাদক বেচাকেনা ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে গিয়ে হিংস্র হামলার শিকার হয়েছেন আজিজুল হক নামের এক ব্যক্তি। বাগমারা থানায় গত ২৭ জুলাই দায়ের করা মামলার (মামলা নং-৩৪) নথি থেকে এ ঘটনা জানা যায়।
অভিযোগে প্রকাশ, সুজনপালশা গ্রামের মুনছুর রহমানের ছেলে আঃ লতিফ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন এবং স্থানীয় যুবকদের মাদকাসক্ত করে তুলছিলেন। এ নিয়ে সম্প্রতি আজিজুল হক মাদক বিক্রিতে আপত্তি জানালে লতিফ ও তার সহযোগীদের সাথে শত্রুতার সৃষ্টি হয়।
এরই জেরে গত ২১ জুলাই রাত আনুমানিক ১০:১৫ মিনিটে বাইগাছা মোড় সংলগ্ন আবুল ওয়াহেদের মুদি দোকানের সামনের পাকা রাস্তায় আজিজুল হকের ওপর অতর্কিত হামলা চালানো হয়। লতিফের দুই সহযোগী—হাফিজুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন (২৮) এবং দেলখুসের ছেলে মোঃ নোমান (২৮) লোহার রড ও হাতুড়ি দিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে বেধড়ক পেটায়। এ সময় তার কাছে থাকা ৪৫,৭৩০ টাকাও ছিনিয়ে নেয় হামলাকারীরা।
এ বিষয়ে মামলার বাদীর ছেলে সাদ্দাম হোসেন ক্ষোভ প্রকাশ করে জানান, আঃ লতিফ ও তার সঙ্গীদের মাদক কারবারে আশপাশের ৫-৭টি গ্রামের সাধারণ মানুষ অতিষ্ঠ। তিনি বলেন, “কাউকে মাদক ছাড়তে বললেই তারা আক্রমণাত্মক হয়ে ওঠে। আমার বাবা কেবল তাদের ভালো পথে আসতে বলেছিলেন, আর সে কারণেই রাতের অন্ধকারে তাকে প্রাণনাশের চেষ্টা চালানো হয়। এখন বাগমারা থানায় মামলা করার পর উল্টো তারা আমাদের পরিবারকে একদম ‘দুনিয়া থেকে সরিয়ে’ দেওয়ার হুমকি দিচ্ছে।”
এলাকাবাসীর দাবি, চিহ্নিত এই মাদক চক্রের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া না হলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হবে।
