পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে দুর্গাপুরে নিবন্ধিত সংস্থাসমূহের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

 

নিজস্ব প্রতিনিধি:

 

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ-শ্যামল পৃথিবী গড়ার লক্ষ্য নিয়ে রাজশাহীর দুর্গাপুরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি। সমাজসেবা অধিদফতর কর্তৃক নিবন্ধিত বেশ কয়েকটি উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের বেড়া গ্রামের রাস্তার দুই পাশে গাছ লাগিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় রাজশাহীর দুর্গাপুর উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ-এর সভাপতিত্বে ও উপস্থিতিতে সুপারি গাছের চারা ও অগ্রগামীর রবিউল জাম গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির সুচনা হয়। আয়োজকরা জানান, এই উদ্যোগের আওতায় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ২,০০০টি বৃক্ষের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচিতে যৌথভাবে অংশগ্রহণ করে— অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, কুশাডাঙ্গা মানব উন্নয়ন সংস্থা, নির্ভয় সেবা উন্নয়ন সংস্থা,পথচলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, ড্যাফোডিল দুঃস্থ প্রতিবন্ধী ও নৃ-গোষ্ঠী উন্নয়ন সংস্থা, আলিপুর প্রত্যাশা সংগঠন, আলিপুর এলএসপি।

সভাপতি ও উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ তার বক্তব্যে বলেন:

“বৃক্ষরোপণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি জীবন ও পরিবেশ রক্ষার এক মহান দায়িত্ব। গাছ রোপণের পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা ও টিকিয়ে রাখার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা যে চারাগুলো রোপণ করছি, ভবিষ্যতে তা মানুষকে ছায়া ও প্রাণবোরক অক্সিজেন যোগাবে। এর মাধ্যমে শুধু বর্তমান নয়, প্রজন্মের পর প্রজন্ম উপকৃত হবে এবং সরকারের জাতীয় বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা অর্জনে এটি কার্যকর ভূমিকা রাখবে।”

অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’-এর পরিচালক মোঃ রবিউল ইসলাম বলেন: “সমাজসেবামূলক কাজ মানেই শুধু বেকারত্ব দূরীকরণ বা আর্থিক সহায়তা নয়। পরিবেশের ভারসাম্য রক্ষা করাও আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিতেই আমাদের এই আয়োজন। সকলের সহযোগিতা পেলে আগামীতে আরও বড় পরিসরে এ ধরণের সবুজ উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা রয়েছে আমাদের।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষাডাঙ্গা মানব উন্নয়ন সংঘের শফিকুল ইসলাম স্বপন, নির্ভয় সেবা উন্নয়ন সংস্থার পরিচালক রবিউল আওয়াল, ড্যাফোডিল-এর পরিচালক কাওসার আহমেদ, আলিপুর এলএসপির পরিচালক, বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহাবুবা খাতুন, সহকারী শিক্ষক আঃ ওহাব, শামিম রেজা, জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে প্রতি বছর অন্তত দুটি করে গাছ লাগানোর ও তা পরিচর্যা করার শপথ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *