বাঘায় আমবাগান থেকে ৩১৭ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৩১৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বাঘা থানাধীন পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর নতুন বাজারপাড়া গ্রামের বাজারসংলগ্ন একটি উন্মুক্ত মাঠের আমবাগানে অভিযান চালায় পুলিশ।

এ সময় বাগানের ভেতরে একটি খেজুর গাছের গোড়ায় প্লাস্টিকের দুটি বস্তা পড়ে থাকতে দেখে পুলিশ। পরে বস্তা দুটি তল্লাশি করে ৩১৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধার করা সিরাপের মধ্যে একটি বস্তায় ১৫০ বোতল এবং অপর বস্তায় ১৬৭ বোতল ছিল। তবে কে বা কারা এসব মাদকদ্রব্য সেখানে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক জানান, উদ্ধার করা স্কাফ সিরাপের অজ্ঞাতনামা মালিককে শনাক্ত করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে। বাঘা থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *