
স্টাফ রিপোর্টার
ধর্ম যার যার, উৎসবের নিরাপত্তা সবার—এই অনন্য বার্তা নিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।
আজ ১৬ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে বর্ণিল সাজে, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই ঐতিহ্যবাহী উৎসব সম্পন্ন হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী ‘তাহেরপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির’ প্রাঙ্গণ থেকে বিকেলে রথটানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।
শত শত পুণ্যার্থী, ভক্ত ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে তাহেরপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক ও বাণিজ্যিক কেন্দ্রগুলো প্রদক্ষিণ করে। ঢাক-ঢোল, কাঁসর ঘণ্টা আর উলুধ্বনিতে মুখরিত পুরো পথ পাড়ি দিয়ে শোভাযাত্রাটি ‘তিলিপাড়া মন্দিরে’ গিয়ে শেষ হয়। পৌর এলাকার দীর্ঘদিনের সামাজিক সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত সনাতন সম্প্রদায়ের পাশে থেকে সশরীরে সার্বিক সহযোগিতা করেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু।
উৎসব প্রাঙ্গণে উপস্থিত হয়ে সাবেক মেয়র মিন্টু বলেন, “তাহেরপুর চিরকালই সম্প্রীতির এক নিরাপদ চারণভূমি। এখানে কোনো উৎসব শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের থাকে না, তা সবার হয়ে ওঠে। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের উৎসব যেন সুশৃঙ্খল ও উৎসবমুখর হয়, সেজন্য আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে পাশে দাঁড়িয়েছি। এই পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আগামীতেও অটুট থাকবে।”শোভাযাত্রার পুরো রুটজুড়ে স্থানীয় থানা পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করে রাখায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়।
এদিকে, অত্যন্ত সুশৃঙ্খল এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা শেষ হওয়ায় স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও মন্দির কমিটির কর্মকর্তারা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে সাবেক মেয়র মিন্টুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন।
