দোকানঘরে হামলা-ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ, থানায় লিখিত আবেদন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
রাজশাহীর তানোর উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীর দোকানঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো সারোয়ার হোসেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের প্রাণপুর গ্রামের বাসিন্দা মোঃ সারোয়ার হোসেন স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন—মোঃ আবুল আহাদ, মোঃ আবুল ওয়াদুদ ও মো. মিজানুর সহ অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় ৩০ বছর আগে তার পিতা স্থানীয় ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে দোকানঘর নির্মাণ করেন। পরবর্তীতে দোকান নির্মাণ ও বিরোধ মীমাংসার জন্য অভিযুক্তদের সঙ্গে কয়েক দফায় আর্থিক লেনদেনও করা হয়। কিন্তু এরপরও অভিযুক্তরা দীর্ঘদিন ধরে দোকানঘর দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন।
ভুক্তভোগীর দাবি, গত ২০ মে দুপুরে অভিযুক্তরা লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দোকানঘরে হামলা চালায়। এসময় দোকানের বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয় এবং নগদ টাকা ও ব্যবসায়িক কাগজপত্র লুট করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নিলে হত্যার ভয়ও দেখানো হয়। ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আহাদ আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিককে বলেন কাল আপনাদের অফিসে দেখা করব বলে তড়িঘড়ি ফোন কেটে দেন।
এ বিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভে বলেন বলেন তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *