ক্যারিয়ার ও পর্যটনে নতুন সম্ভাবনা: রাজশাহীতে বিসিসি ও ইকো-বরেন্দ্রের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ তরুণদের ক্যারিয়ার উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রাজশাহী ও বরেন্দ্র অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বরেন্দ্র ক্যারিয়ার কনসালটেন্সি (বিসিসি) এবং ইকো-বরেন্দ্র (ট্যুরিজম অ্যান্ড ট্রান্সপোর্ট)।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রাজশাহী সিটি সেন্টারে প্রতিষ্ঠান দুটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। মোনাজাত ও লাল ফিতা কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান দুটির কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির লক্ষ্য, পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরেন উদ্যোক্তা ও ডিরেক্টর অব অপারেশনস অ্যান্ড প্রোগ্রাম মোঃ আরিফুর রহমান (সবুজ)।
আয়োজকরা জানান, বরেন্দ্র ক্যারিয়ার কনসালটেন্সি (বিসিসি) তরুণদের ক্যারিয়ার গঠনে বিভিন্ন ধরনের পরামর্শ ও প্রশিক্ষণ দেবে। এর মধ্যে রয়েছে ক্যারিয়ার কাউন্সেলিং, ক্যারিয়ার পরিকল্পনা ও মেন্টরিং, পেশাদার সিভি ও কভার লেটার তৈরি, বিডিজবস ও লিংকডইন প্রোফাইল উন্নয়ন, মক ইন্টারভিউ, চাকরির প্রস্তুতি এবং সফট স্কিল ও পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ। পাশাপাশি চাকরির আবেদন ও অনলাইন পাসপোর্ট আবেদনেও সহায়তা দেওয়া হবে।
অন্যদিকে ইকো-বরেন্দ্র (ট্যুরিজম অ্যান্ড ট্রান্সপোর্ট)-এর মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতিকে কেন্দ্র করে পর্যটন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ইকো-ট্যুরিজম প্যাকেজ, নিরাপদ ও আরামদায়ক পরিবহন, হোমস্টে ও স্থানীয় অভিজ্ঞতা, প্রকৃতি ভ্রমণ ও পাখি পর্যবেক্ষণ, ঐতিহ্য ও সাংস্কৃতিক ভ্রমণ এবং শিক্ষামূলক ট্যুরের আয়োজন করা হবে। এছাড়া ট্রেন ও বিমান টিকিট বুকিং, ভিসা আবেদন, ইভেন্ট ব্যবস্থাপনা ও ফটোগ্রাফি সেবাও প্রদান করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইফুল ইসলাম বলেন, “বর্তমান সময়ে তরুণদের জন্য শুধু শিক্ষাগত যোগ্যতাই যথেষ্ট নয়; প্রয়োজন সঠিক ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা ও সময়োপযোগী দিকনির্দেশনা। একই সঙ্গে প্রাকৃতিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ বরেন্দ্র অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে পরিকল্পিত ও দায়িত্বশীলভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে।”
উদ্যোক্তা মোঃ আরিফুর রহমান (সবুজ) বলেন, “তরুণদের ক্যারিয়ার গঠনের পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতিকে দায়িত্বশীল পর্যটনের মাধ্যমে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে মোঃ আব্দুল আজিজ প্রাং, মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুল হামিদ, তুহিন আব্দুল্লাহ, হুমায়রা রহমান মাসুমা, মোঃ মাসুদ রানা, মোঃ জাহিদ হাসান, মোঃ আলমগীর হোসেন ও মোঃ ইউসুফ আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, তরুণ পেশাজীবী, উদ্যোক্তা ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, ক্যারিয়ার উন্নয়ন ও পর্যটনসেবাকে একই উদ্যোগের আওতায় এনে তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করার পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রগুলোকে আরও ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *