
স্টাফ রিপোর্টার: আলমগীর হোসেন
রাজধানীর উত্তরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিহতরা হলেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান সাকিব।
জানা গেছে, ভোর রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে উত্তরার জসিমউদ্দীন মেইন রোড এলাকায় একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা নিহত দুই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সহকর্মীরা বলেন, রবিউল আলম রাজু ও সাকিবুল হাসান সাকিব দুজনই নিষ্ঠাবান, সাহসী ও পেশাদার সাংবাদিক ছিলেন। তাদের অকাল মৃত্যু দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
এদিকে, এ মর্মান্তিক দুর্ঘটনার পর নিরাপদ সড়ক নিশ্চিত, বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়ক ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ ও সহকর্মীরা। তাদের প্রশ্ন—আর কত প্রাণ ঝরে গেলে নিরাপদ সড়ক বাস্তবে পরিণত হবে?
মহান আল্লাহ তাআলার কাছে নিহত দুই সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে তাঁদের জান্নাতুল ফিরদাউস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করার জন্য দোয়া করা হয়েছে।
উত্তরা থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ঘাতক বাসটিকে শনাক্ত ও জব্দ এবং সংশ্লিষ্ট চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
